মূল কনটেন্টে যান
+8801554324441info@clsc.edu.bdEIIN: 138580
চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজশিক্ষা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বিত পাঠশালাপোর্টাল
আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ

প্রতিষ্ঠানের পরিচিতি

চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ

একটি স্বপ্নের পথচলা—শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার আলোকবর্তিকা
জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বে গড়ে উঠুক আগামীর প্রজন্ম

একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান শুধু পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তৈরি হয় না; একটি ভালো প্রতিষ্ঠান তৈরি হয় ভালো মানুষ, যোগ্য নাগরিক এবং আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার স্বপ্ন থেকে।

সেই স্বপ্নকে সামনে রেখে ২০১২ সালে যাত্রার সূচনা এবং ২০১৩ সাল থেকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠার শুরুতে শিক্ষার্থী ছিল মাত্র ২৪ জন। সীমিত সুযোগ-সুবিধা, নানা প্রতিকূলতা ও অসংখ্য চ্যালেঞ্জ পেরিয়ে সেই ছোট্ট পথচলা আজ পরিণত হয়েছে একটি বৃহৎ শিক্ষাপরিবারে। বর্তমানে প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ৮০০-এরও বেশি।

এই অগ্রযাত্রা কেবল সংখ্যার বৃদ্ধি নয়—এটি অভিভাবকদের আস্থা, শিক্ষার্থীদের সাফল্য এবং শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সবার নিরলস প্রচেষ্টার প্রতিফলন।

আমাদের ঠিকানা, আমাদের পরিচয়

চট্টগ্রামের বড় পুকুর পাড়–রামপুর ,ঈদগাহ, হালিশহর এলাকার সুন্দর ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান।

আমাদের হয়তো প্রচলিত অর্থে বড় খেলার মাঠ নেই। কিন্তু সীমাবদ্ধতাকে আমরা কখনো স্বপ্নের পথে বাধা হতে দিইনি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের জন্য আয়োজন করি।

কারণ আমরা বিশ্বাস করি—

সুযোগের অপেক্ষায় বসে থাকার নাম শিক্ষা নয়; সীমিত সুযোগকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনা সৃষ্টি করাই প্রকৃত শিক্ষা।

---

আমাদের পথচলা

প্রতিষ্ঠার শুরুতে আমরা নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করি। সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের চাহিদা, অভিভাবকদের আস্থা এবং আমাদের সক্ষমতা বৃদ্ধি পেতে থাকে।

ধাপে ধাপে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং পরবর্তীতে উচ্চতর শ্রেণিতে শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত হয়েছে।

আজ আমরা শুধু একটি স্কুল নই—আমরা একটি শিক্ষাপরিবার।

একটি পরিবার, যেখানে প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়; যেখানে শিক্ষক শুধু পাঠদান করেন না, বরং শিক্ষার্থীর চরিত্র, মনন, আচরণ ও ভবিষ্যৎ গঠনের সহযাত্রী হিসেবে কাজ করেন।

---

আমাদের শিক্ষা দর্শন

আমাদের কাছে শিক্ষা মানে শুধু বই পড়া নয়।

আমরা চাই আমাদের শিক্ষার্থীরা—

ভালো ফলাফল করবে,
ভালো মানুষ হবে,
নিজেকে জানবে,
দেশকে জানবে,
বিশ্বকে বুঝবে এবং
দেশ ও মানুষের কল্যাণে নিজেদের গড়ে তুলবে।

একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু তার পরীক্ষার নম্বরে নয়; বরং তার জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্ব, সৃজনশীলতা, মানবিকতা ও দেশপ্রেমে।

তাই আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতাকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।

লক্ষ্য

একাডেমিক উৎকর্ষ—আমাদের অঙ্গীকার

চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের অন্যতম প্রধান শক্তি হলো এর একাডেমিক শিক্ষা ব্যবস্থা।

আমরা চাই প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সামর্থ্যের সর্বোচ্চ বিকাশ ঘটাক।

শ্রেণিকক্ষের পাঠদান, নিয়মিত মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থীর নিবিড় যোগাযোগ এবং শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা—এসবের মাধ্যমে আমরা একটি শক্তিশালী একাডেমিক ভিত্তি তৈরি করতে চাই।

আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়; বরং এমন শিক্ষার্থী তৈরি করা, যে বিষয় বুঝে শিখবে, যুক্তি দিয়ে চিন্তা করবে এবং বাস্তব জীবনে সেই জ্ঞান প্রয়োগ করতে পারবে।

---

সহশিক্ষা কার্যক্রমে নতুন স্বপ্ন

আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর প্রতিভা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়।

কেউ বিতর্কে ভালো, কেউ বিজ্ঞানে, কেউ ভাষায়, কেউ নেতৃত্বে, কেউ খেলাধুলায়, কেউ সৃজনশীল কাজে—প্রতিটি শিশুর মধ্যেই আলাদা কোনো সম্ভাবনা রয়েছে।

তাই ভবিষ্যতে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আরও বিস্তৃত পরিসরে আয়োজন করতে চাই—

- English Debate
- বাংলা বিতর্ক
- Science Olympiad
- বাংলা অলিম্পিয়াড
- English Olympiad
- বিজ্ঞান মেলা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প
- কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
- সাংস্কৃতিক কার্যক্রম
- বক্তৃতা ও উপস্থাপনা
- নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম
- সামাজিক ও মানবিক কর্মকাণ্ড

আমাদের স্বপ্ন—চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষে নয়, জাতীয় পর্যায়েও নিজেদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখবে।

ভিশন

প্রযুক্তি, মূল্যবোধ ও দক্ষতায় সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা।
আমাদের ভিশন

“শিক্ষায় উৎকর্ষ, চরিত্রে দৃঢ়তা, চিন্তায় আধুনিকতা এবং মানবিকতায় শ্রেষ্ঠত্ব।”

আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো চট্টগ্রামের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেখানে একজন অভিভাবক তার সন্তানকে ভর্তি করানোর সময় শুধু ভালো ফলাফলের নিশ্চয়তা নয়, বরং একটি সুন্দর, নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও মূল্যবোধসম্পন্ন ভবিষ্যতের নিশ্চয়তা অনুভব করবেন।

আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দেশের সেরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল প্রতিষ্ঠান ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখুক।

একই সঙ্গে তারা ভবিষ্যতে যে পেশাতেই যাক না কেন—সৎ, দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠুক।

প্রতিষ্ঠানের লোগো

চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ

Chittagong Liberty School & College (CLSC)

EIIN: 138580